সিলেট অঞ্চলের মানুষকে বৈধ পথে বিদেশে পাঠানোর আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, বিদেশে গিয়ে একজন অভিবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হলে এর শুরুটা দেশ থেকেই করতে হবে। অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সমন্বিতভাবে সচেতন হতে হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেট অঞ্চল হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। তাই আমরা আমাদের সন্তানদের বৈধ পথে প্রবাসে পাঠাবো। মনে রাখবেন, বিদেশে সুরক্ষা নিশ্চিত করতে হলে তার শুরুটা হতে হবে দেশ থেকে প্রতিরোধের মাধ্যমে। এজন্য সকল সেক্টরের নেতাকর্মী, প্রশাসনসহ অভিভাবকদের সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, অভিবাসীবান্ধব নীতি প্রণয়ন এবং মাঠপর্যায়ের প্রশাসনের মাধ্যমে সহজলভ্য সেবা নিশ্চিত করা প্রয়োজন। নিরাপদ অভিবাসনের বিষয়ে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতে হবে এবং দালালচক্রের প্রতারণা থেকে জনগণকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। সভায় উন্মুক্ত আলোচনায় সংসদ সদস্যরা বলেন, অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধ করতে হলে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। এ জন্য বিশেষ বরাদ্দের পাশাপাশি কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে হাওরের ফসল উৎপাদন ও কৃষির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম। সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী। এর আগে মন্ত্রী সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।