খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষ্ণীছড়ি জোনের সেনাবাহিনীর উদ্যোগে দুল্যাতলী এলাকায় স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ২৭ আগষ্ট বৃহস্পতিবার দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। দুল্লাতলীসহ আশপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে এই মেডিক্যাল ক্যাম্পেইন এ উপস্থিত হন। সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিক্যাল টিমের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মহিলা চিকিৎসকও এই ক্যাম্পেইন এ চিকিৎসাসেবা প্রদান করেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে সম্প্রতি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন করা স্থানীয় শিক্ষার্থীরাও এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সঙ্গে সমন্বয় করে আগত রোগীদের প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক সন্তোষ ও উৎসাহের সৃষ্টি হয়। মানুষের প্রয়োজনের সময়ে পাশে থেকে বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে-মানুষের কল্যাণেই সেনাবাহিনী, মানুষের পাশে সবসময়।