হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সে মাধবপুর উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা। র্যাব জানায়-বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হলেও অপর একজন কৌশলে পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে রাখা দুটি পাটের বস্তা থেকে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।