সৌদি আরবে ভয়াবহ আগুনে নিহত নওগাঁর ৭ প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে

এফএনএস (আব্দুল আজিজ; নওগাঁ) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৩:০৮ পিএম
সৌদি আরবে ভয়াবহ আগুনে নিহত নওগাঁর ৭ প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ৭ প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একযোগে এই রেমিট্যান্স যোদ্ধাদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছালে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ৭ প্রবাসীর মরদেহ নিজ এলাকায় পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এই সাত রেমিট্যান্স যোদ্ধার জানাজা একযোগে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ হাজারো সাধারণ মানুষ অংশ নেন।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ এসে পৌঁছায়। এর মধ্যে সাতজনই ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সগুলো আত্রাইয়ে নিয়ে আসা হয় এবং নিরাপত্তার স্বার্থে সকাল পর্যন্ত থানা হেফাজতে রাখা হয়।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে জানাজায় অংশ নেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ প্রশাসন ও আত্রাই উপজেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। জানাজা শেষে কফিনগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হলে গ্রামে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।

নিহতদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ইতিমধ্যে সহযোগিতা করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই পরিবারগুলোকে ভবিষ্যতেও সব ধরনের সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। বাকি মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পরিচয় শনাক্ত হওয়া নিহত সাতজন হলেন-আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ফরিদ, গণ্ডগোহালী গ্রামের দুই ভাই মোহন আলী ও সুমন আলী, একই গ্রামের রুবেল প্রামাণিক ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার। মরদেহগুলো গ্রামে পৌঁছালে শত শত মানুষ শেষবারের মতো তাদের দেখতে ভিড় জমায়। পরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। মো: আব্দুল আজিজ,নওগাঁ থেকে

আপনার জেলার সংবাদ পড়তে