বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৪:২৩ পিএম
বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে দুই দিন পার হলেও এ ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার বাবনি এলাকায় উপড়ে ফেলা গাছগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “গাছ শুধু গাছ নয়, এটা একটি জীবন। আমি বলব, এই গাছগুলোকে হত্যা করা হয়েছে। যারা এই কাজ করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।”

তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষকে অক্সিজেন দেয়। অনেক যত্ন ও সময়ের পর একটি চারা বড় গাছে পরিণত হয়। রাতের আঁধারে এভাবে গাছ উপড়ে ফেলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “প্রশাসনের দায়িত্ব ছিল কে বা কারা এই গাছগুলোকে হত্যা করেছে, তা খুঁজে বের করা। এখন দুই দিন চলে গেলেও তারা কিছুই করতে পারেনি। আমি প্রশাসনের দিকে নির্দেশ করব, ৪৮ ঘণ্টার মধ্যে যেন গাছ হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হয়।”

দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধ হবে না জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, একই এলাকায় নতুন করে আরও ১ হাজার ২০০ গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছের সুরক্ষা ও পরিচর্যার ব্যবস্থাও করা হবে। শুক্রবার বেলা ২টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় ১ হাজার ২০০ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডেপুটি স্পিকার। এর আগে তাঁর নির্দেশক্রমে উপজেলা যুবদল ও ছাত্রদলের তত্ত্বাবধানে গত ৫ আগস্ট ওই সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। নতুন করে চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি গাছের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনসাধারণ এবং কলমাকান্দা প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

ডেপুটি স্পিকার স্থানীয়দের উদ্দেশে বলেন, “এই গাছগুলো শুধু সরকারের নয়, এগুলো আমাদের সবার সম্পদ। সবাইকে গাছ রক্ষায় এগিয়ে আসতে হবে। একটি গাছ রক্ষা করা মানে একটি জীবন রক্ষা করা।” কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুনমুন জাহান লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়েরসহ রাজনৈতিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে বাবনি এলাকায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী কে বা কারা উপড়ে ফেলে। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনার পর জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি ওঠে।

আপনার জেলার সংবাদ পড়তে