চট্টগ্রামে বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ঋণ চালুর দাবিতে বিক্ষোভ

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৩:৪৮ পিএম
চট্টগ্রামে বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ঋণ চালুর দাবিতে বিক্ষোভ

তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বাজার ফান্ড এলাকার ভুমি বন্ধক রেখে স্থানীয় জনসাধারনের পুনরায় ঋন সুবিধা পাওয়ার প্রক্রিয়া চালুর দাবীতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

শনিবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় শহরের হ্যাপি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বনরূপা সেএনজি স্টেশন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো:  মুজিবর রহমান।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো:  হাবীব আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোঃ রেজাউল করিম মাস্টার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, খাগড়াছড়ি জেলার আহবায়ক আব্দুল মজিদ, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, মহিলা পরিষদের সভাপতি মোরশেদা আক্তার, পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা-রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দীর্ঘ ছয় বছর ধরে বাজারফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজারফান্ড জমি বন্ধক দিয়ে ঋণ নিতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থ সংকটে ভুগছেন। এতে ব্যবসার পরিধি ছোট হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, বাড়ছে বেকারত্ব। একই সঙ্গে এখানকার বাণিজ্যিক ব্যাংকগুলোও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে।

ক্ষোভ সমাবেশে বক্তারা আরো বলেন, ২০১৭ সালে রাঙ্গামাটির তৎকালীন জেলা প্রশাসক প্রথমবার বাজারফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রির মিউটেশন মামলা স্থগিত করেন। তখন নানা দেন-দরবারের পর তা চালু হলেও ২০১৯ সালে আবার বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসায়ীরা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজারফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতা যতদিন অবসান না হবে, ততদিন পাহাড়ের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হতে থাকবে বলে দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের। তাই পার্বত্য চট্টগ্রামে পূর্বের ন্যায় বাজার ফান্ডের আওতাধীন ভুমি বন্ধকী কার্যক্রম চালুসহ সৃষ্ট জটিলতা নিরসনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দরা। আর দ্রুত এই সমস্যা সমাধান করা না হলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ তিন পার্বত্য জেলায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আপনার জেলার সংবাদ পড়তে