নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক ও সম্ভাবনাময় এলাকা মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী হাজী আশরাফ উদ্দিন। ক্ষমতার লোভ বা স্বার্থ হাসিলের জন্য নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় গণমাধ্যম ও ভোটারদের সামনে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মোগরাপাড়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাবো।
হাজী আশরাফ উদ্দিন প্রচলিত ধারার কোনো রাজনীতিভিত্তিক ব্যক্তিত্ব নন। দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের বিপদ-আপদে পাশে থেকে, নিজস্ব অর্থায়নে বহু সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে তিনি এক অনন্য পরিচয় গড়ে তুলেছেন। একজন সফল উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার কারণে নিজের কোনো ব্যক্তিস্বার্থ বা আর্থিক লালসা নেই বলে জানান তিনি। এলাকার অবহেলিত, মেহনতি ও সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নেই তিনি রাজনীতি বা পদ-পদবির ঊর্ধ্বে উঠে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে, মোগরাপাড়া একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলেও সঠিক নেতৃত্বের অভাবে অনেক সময় নাগরিক সুবিধায় পিছিয়ে ছিল। অবকাঠামোগত উন্নয়ন, সঠিক জলনিষ্কাশন ব্যবস্থা, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং দরিদ্র পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে হাজী আশরাফ দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে যাচ্ছেন। রাজনীতিমুক্ত স্বচ্ছ ও মানবসেবামুখী চেতনার কারণে তিনি এলাকার দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন।
নিজের প্রার্থিতা ও ভিশন সম্পর্কে কথা বলতে গিয়ে হাজী আশরাফ উদ্দিন বলেন, আমি স্বার্থ হাসিল করতে আসিনি, আমি এসেছি এই মাটির মানুষের সেবক হতে। ব্যবসায়ী হিসেবে আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা দিয়েই সন্তুষ্ট। মোগরাপাড়ার গণমানুষের ভালোবাসা এবং তাদের সেবা করার অদম্য ইচ্ছাই আমাকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুপ্রাণিত করেছে। এই ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মোগরাপাড়া হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনে মোগরাপাড়ার ভোটাররা একজন সৎ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং সমাজসেবক ব্যক্তিত্বকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। সেই প্রত্যাশার প্রতীক হিসেবে হাজী আশরাফ উদ্দিন মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ ও স্থানীয় যুবসমাজের ব্যাপক সমর্থনে নির্বাচনী মাঠে তাঁর অবস্থান ক্রমেই সুসংহত হচ্ছে।