বাঁশ কেনার কথা বলে ঘরে ঢ়ুকে নারীকে ধর্ষণের অভিযোগ

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৪:২০ পিএম
বাঁশ কেনার কথা বলে ঘরে ঢ়ুকে নারীকে ধর্ষণের অভিযোগ

বরগুনার তালতলীতে বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে ৫৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ বশির উদ্দিন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। অভিযুক্ত বশির উপজেলার সোনাকাটা ইউনিয়নের মরানিদ্রা এলাকার নয়া মিয়া হাওলাদারের ছেলে।

শনিবার (২৯ আগস্ট) রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বশির উদ্দিনকে আসামি করে তালতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে সকাল ১০ টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বশির উদ্দিন ভুক্তভোগী ওই নারীর বাড়িতে এসে বাঁশ কেনার কথা বলেন। এ সময় বিক্রি করার মতো বাঁশ আছে জানালে বশির তার সঙ্গে কথা বলে পার্শ্ববর্তী আরেক বাড়িতে যান। পরবর্তীতে আবারও বশির ওই নারীর বাড়িতে এসে ঘরের বারান্দায় বসেন। এ সময় বাঁশ কাটতে ওই নারীর কাছে একটি দা চান তিনি। পরে ভুক্তভোগী ওই নারী তাকে একটি দা বের করে দিলে তা দিয়ে বাঁশ কাটা যাবে না জানিয়ে ঘরে থাকা ভুক্তভোগী নারীর নাতিকে পাশের বাড়ি থেকে আরেকটি দা আনতে পাঠান বশির। 

এ সুযোগে বাড়িতে আর কেউ না থাকায় ওই নারীকে একা পেয়ে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বশির। এ সময় ভুক্তভোগী ওই নারীর ডাক চিৎকারে প্রতিবেশী আরেক নারী ছুটে এলে বশির দ্রুত ঘর থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে বশিরকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বশিরকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মো. বশির উদ্দিনকে আটক করে। পরবর্তীতে ভুক্তভোগী নারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।"

আপনার জেলার সংবাদ পড়তে