লক্ষ্ণীপুর পৌর শহরের লক্ষ্ণীপুর পৌর জনকল্যাণ একাডেমিতে রড, গ্রিল ও জানালা কাটার অভিযোগে মো. সজিব নামে এক যুবককে আটক করা হয়েছে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্তের পর স্থানীয়রা তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। আটক সজিব পৌর শহরের বাঞ্চানগর এলাকার সোহেলের ছেলে। তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিদ্যালয়ের বিভিন্ন স্থানে থাকা লোহার রড ও গ্রিল কাটার ঘটনা ঘটে। রোববার বিকেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িত যুবককে শনাক্ত করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লক্ষ্ণীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। বিদ্যালয়ের অফিস সহায়ক জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক আরিফ হোসেন ও সহকারী শিক্ষক তাইবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সজিব বলেন, টাকার প্রয়োজন হওয়ায় তিনি বিদ্যালয়ের গ্রিল, জানালা ও রড কাটার চেষ্টা করেন। এর আগে কখনো চুরি করেননি দাবি করে তিনি বলেন, এ কাজ অন্যায় হয়েছে। লক্ষ্ণীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।