কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে দেবহাটায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মাহমুদ, দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার দাস ও আব্দুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা রয়েছে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।