থিয়েটার ফোরাম চাঁদপুরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে চলমান ১০ দিনব্যাপী নাট্যোৎসবের অংশ হিসেবে চাঁদপুরের প্রথম একক অভিনীত নাটক ‘পুনর্জন্ম’ মঞ্চস্থ হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় পুরান বাজার নিতাইগঞ্জ অনুপম নাট্যগোষ্ঠীর পরিবেশনায় নাটকটি প্রদর্শিত হয়।
ঘুনে ধরা সমাজের বাস্তব চিত্র, নেশার আগ্রাসী রূপ এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে আবর্তিত হয়েছে নাটকের মূল কাহিনী। জসীম মেহেদীর রচনা ও নির্দেশনায় নাটকটিতে এককভাবে অভিনয় করেন গোবিন্দ মন্ডল। এর প্রযোজনা অধিকর্তার দায়িত্বে ছিলেন মো. জসিম উদ্দিন খান বাবুল।
নাটকটির আবহ সংগীত ও আলোক পরিকল্পনা করেছেন কার্তিক সরকার। নির্বাহী প্রযোজনা ও ব্যবস্থাপনায় ছিলেন অ্যাড. মুনিরা চৌধুরী ও অ্যাড. ফারজানা আক্তার। এছাড়া নাট্য সমন্বয়ে পার্থ সারথি দে ও সেলিম খান, মঞ্চ সমন্বয়ে মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া ও জুলহাস আহমেদ জুয়েল এবং কোরিওগ্রাফিতে দেবশ্রী সাহা (খুশী) ও লিপি আক্তারসহ কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় নাটকটি মঞ্চায়ন সম্পন্ন হয়। সমাজের অন্ধকার বাস্তবতার বিরুদ্ধে দর্শকের বিবেককে জাগিয়ে তুলতে নাটকটি প্রশংসিত হয়।