আমবাগানে রাতভর তাসের আসর, পুলিশের হানা লালপুরে গ্রেপ্তার ৫

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩১ পিএম
আমবাগানে রাতভর তাসের আসর, পুলিশের হানা লালপুরে গ্রেপ্তার ৫

নির্জন আমবাগানে গভীর রাতে বসেছিল টাকার বিনিময়ে তাস খেলার আসর। চলছিল জমজমাট জুয়া। তবে শেষরক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেয় লালপুর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়েন পাঁচ জুয়াড়ি।

অভিযান চালিয়ে তাদের কাছ থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের আটটি মোবাইল ফোনসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লালপুর থানার এসআই মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেরিলাবাড়ী গ্রামের মো. মতিউর রহমান (৬৫), রামপাড়া গ্রামের মো. আব্দুল মালেক (৪০) ও মো. জিয়াউর রহমান (৪০) এবং জয়রামপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম (৩৫) ও মো. বাবুল ইসলাম (৩৩)। পুলিশের অভিযান চলাকালে আরও এক জুয়াড়ি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে

আপনার জেলার সংবাদ পড়তে