১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, অতঃপর

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম
১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, অতঃপর

বরিশালের বানারীপাড়া উপজেলার বহুল আলোচিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মান্নান জুয়েল (৩৫) দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ পর্যন্ত রেহাই পেলো না। র‌্যাবের যৌথ অভিযানে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে মান্নান জুয়েলকে।

র‌্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-৭ এর যৌথ আভিযানিক দল।

সূত্রমতে, ২০১২ সালে বরিশালের বানারীপাড়া থানায় মান্নান জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই জুয়েল আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় ধরে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বানারীপাড়া থানা পুলিশ সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আনুষ্ঠানিকভাবে অধিযাচনপত্র প্রেরণ করে। এরপর থেকেই র‌্যাব আসামির অবস্থান শনাক্ত করতে নিবিড় গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করে। একপর্যায়ে বরিশাল র‌্যাব-৮ এর সদর কোম্পানি এবং র‌্যাব-৭ সিপিএসি চট্টগ্রামের যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয় যে, আসামি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ছদ্মবেশে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাহাড়তলী থেকে মান্নান জুয়েলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মান্নান জুয়েল বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৮ বরিশালের মিডিয়া অফিসার লে. কমান্ডার বিএন মো. শাহরিয়ার রিফাত অভি জানান, জঘন্যতম অপরাধের সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই তৎপর। আধুনিক তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ বছর ধরে আত্মগোপনে থাকা আসামি জুয়েলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে। বানারীপাড়া থানায় পৌঁছানোর পর তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে