মোরেলগঞ্জে

সাবেক অধ্যক্ষের পুনর্নিয়োগের খবরে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম
সাবেক অধ্যক্ষের পুনর্নিয়োগের খবরে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ গুলিশাখালী ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগের খবরে মাদরাসায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একই সাথে শিক্ষার্থীরা মাদরাসা চত্বরে সাবেক অধ্যক্ষ এম.এ বারী হাওলাদারের বিরুদ্ধে নানা ধরণের স্লোগান দেন এবং তার কুশপুত্তলিকাও দাহ করেন।

জানা গেছে, মাদরাসাটির সাবেক অধ্যক্ষ এম.এ বারী হাওলাদার গত ২৯ জুলাই অবসরে যান। এর পরে তিনি বিনা বেতনে অধ্যক্ষ পদে থাকার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। এক পর্যায়ে দায়িত্ব হস্তান্তর না করায় মাদরাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তার কক্ষে তালা লাগিয়ে দেন। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এম.এ বারীকে ২ সেপ্টেম্বর হতে এক বছরের জন্য বিনা বেতনে অধ্যক্ষ পদে পুনর্নিয়োগ প্রদান করে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই নিয়োগ আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক ও শিক্ষার্থীরা ওই আদেশের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম.এ বারী বলেন, ‘কর্তৃপক্ষ তাকে বিনা বেতনে নিয়োগ দিয়েছে। আমি মাদরাসাটির বৈধ অধ্যক্ষ। একটি মহল ভীত-সন্ত্রস্ত হয়ে আমাকে দায়িত্ব পালন করতে দিতে চাচ্ছে না’। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. শহিদুল ইসলাম বলেন, এম.এ বারী হাওলাদার অধ্যক্ষ থাকাকালে অনেক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি করেছেন। তাকে এখন মাদরাসায় কেউ চাচ্ছে না। তিনি (এম.এ বারী) মাদরাসায় ফিরলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে। প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। যেকোনো মূল্যে তাকে প্রতিহত করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে