বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন ইউএনও

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৪ পিএম
বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন ইউএনও

কুড়িগ্রামের রাজারহাটে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ‘সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘সবুজ স্বপ্ন, সবুজ আশা-বৃক্ষ হোক ভালোবাসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে তালবীজ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এ সময় তিনি উপজেলা পরিষদের রাস্তার ধারে তালবীজ রোপণ করেন এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্দ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস, এম, শওকত আলম, ‘সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান (মন্ডল তারা), উপদেষ্টা ও সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, সদস্য হিরন, অন্তর, রনি, জিছান, রাকিবুল হাসান মোন্নাফ ও শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা ।

সংগঠন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় মোট ৯০টি তালবীজ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে এসব বীজ থেকে তালগাছ বেড়ে উঠলে একদিকে যেমন এলাকার সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখবে। পাশাপাশি তালগাছসহ বিভিন্ন দেশীয় বৃক্ষ রোপণের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের  প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান (মন্ডল তারা) জানান, জলবায়ু পরিবর্তন, পরিবেশের ভারসাম্যহীনতা ও বৃক্ষনিধনের কারণে প্রকৃতি ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতজনিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে। তাই পরিবেশ রক্ষার পাশাপাশি বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ‘সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির আঙিনা ও পতিত জমিসহ উপযুক্ত স্থানে তাল, নিম, বট, পাকুড়সহ দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের আহ্বান জানানো হয়। সংগঠনটির দাবি, শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও তাদের কর্মসূচির অন্যতম লক্ষ্য।#

আপনার জেলার সংবাদ পড়তে