মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাগরিক সমাজের নেতৃত্বাধীন জোট ও স্থানীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘নাগরিক সমন্বয় প্রকল্পের নাগরিক সম্পৃক্ততা তহবিল’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার এবং ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। সভায় নাগরিক সমন্বয় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন, ফিন্যান্স ডিরেক্টর বিধান সরকার, সহকারী ফিন্যান্স ডিরেক্টর ফারিহা সুলতানা রাখিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ ও সংলাপের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নাগরিকদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, স্থানীয় জনগণের সমস্যা ও প্রয়োজনগুলো যথাযথভাবে চিহ্নিত করে তা সমাধানে নাগরিক সমাজ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত সংলাপ ও মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক আস্থা বৃদ্ধি পেলে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ডিনেটের কারিগরি সহযোগিতায় এবং প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।