কুড়িগ্রামের চর রাজিবপুরে সাপের দংশনে রশিদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। সন্ধ্যার দিকে রান্না ঘরে লাকরী উঠাতে গিয়ে হঠাৎ একটি সাপ রশিদা বেগমকে দংশন করে। পরে স্বজনরা দ্রুত তাকে চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর সেখানে প্রয়োজনীয় অ্যান্টিভেনম না থাকায় কর্তব্যরত চিকিৎসক বাইরে থেকে অ্যান্টিভেনম সংগ্রহ করার পরামর্শ দেন। পরে বাইরে থেকে অ্যান্টিভেনম এনে প্রয়োগ করার পরপরই রাত সাড়ে নয়টায় রশিদা বেগমের মৃত্যু হয়। নিহতের স্বামী আজিবর রহমান অভিযোগ করে বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকা এবং চিকিৎসা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও চিকিৎসকের অবহেলার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে।
তবে চিকিৎসকের অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমান হাসিব জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে ময়মনসিংহ মেডিকেল রেফার্ড করা হয়েছিল। এ ব্যাপারে আমাদের কোন গাফলতি ছিল না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সারোয়ার জাহান বলেন,অ্যান্টিভেনম হাসপাতাল থেকে দেওয়ার পর ময়মনসিংহে রেফার্ড করা হয়েছিল। বাহির থেকে অ্যান্টিভেনম ক্রয় করার কথা ঠিক নয়। এলাকাবাসীর দাবি রশিদা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন।