এমপিদের নম্বর হ্যাক করে ৫০ হাজার টাকা দাবি, সংসদে সতর্ক করলেন চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪১ পিএম
এমপিদের নম্বর হ্যাক করে ৫০ হাজার টাকা দাবি, সংসদে সতর্ক করলেন চিফ হুইপ

সংসদ সদস্যদের মোবাইল নম্বর হ্যাক করে জরুরি টাকার কথা বলে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ভয়েস ক্লোন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ হ্যাক এবং স্বাক্ষর জাল করেও প্রতারণার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এসব বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতারণা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি কাজ শুরু করেছে বলেও জানান চিফ হুইপ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অনির্ধারিত আলোচনায় বিষয়টি তুলে ধরেন নূরুল ইসলাম মনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

চিফ হুইপ বলেন, বুধবার তিনজন সংসদ সদস্য তাঁকে জানিয়েছেন, তাঁদের নম্বর থেকে জরুরি ভিত্তিতে ৫০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ করা হয়েছে। তিনটি নম্বর থেকেই এ ধরনের বার্তা বা কল এসেছে। যেসব নম্বর থেকে টাকা চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এতে তিনি মনে করছেন, ওই মোবাইল নম্বরগুলো হ্যাক করা হয়েছে।

সংসদ সদস্যদের সতর্ক করে নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের ঘটনায় সবাইকে সচেতন হওয়া জরুরি। তাঁর মতে, সংসদ সদস্যরা বিষয়টি সম্পর্কে জানলে সাধারণ মানুষও সতর্ক হতে পারবেন।

তিনি জানান, শুধু মোবাইল নম্বর হ্যাক করেই নয়, ভয়েস ক্লোন করেও প্রতারণা করা হচ্ছে। বিভিন্ন কাগজপত্র ব্যবহার এবং কারও স্বাক্ষর জাল করে নথি তৈরি বা উপস্থাপনের ঘটনাও ঘটছে। বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের অনেক সংসদ সদস্যও এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে জানান তিনি।

চিফ হুইপ বলেন, “এ ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।” বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে দেশজুড়ে জানানো প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিরোধের দায়িত্ব রাষ্ট্রের

চিফ হুইপের বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, মোবাইল হ্যাকিং, ভয়েস ক্লোন বা স্বাক্ষর জালিয়াতির ঘটনায় যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় না। এ ধরনের প্রতারণা ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ডেপুটি স্পিকার বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নির্বাহী বিভাগ বা রাষ্ট্রের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে সংসদে জানানো উচিত।

জবাবে চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে বুধবারই আলোচনা হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসি ইতোমধ্যে কাজ শুরু করেছে। সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

এর পর ডেপুটি স্পিকার বলেন, “এক্সিলেন্ট। এটাই শুনতে চেয়েছিলাম।”

এমপিদের ফেস রিডিং করে সংসদে প্রবেশের আহ্বান

অনির্ধারিত আলোচনায় সংসদ সদস্যদের ফেস রিডিং ডিভাইস ব্যবহারের বিষয়টিও তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, সংসদের সব লবিতে ফেস রিডিং ডিভাইস রয়েছে। তবে অনেক সংসদ সদস্য নিয়মিত সেখানে ফেস রিডিং করছেন না।

সংসদ থেকে তাঁকে জানানো হয়েছে, সব সদস্য যেন ফেস রিডিং করে সংসদ কক্ষে প্রবেশ করেন। তাই সংসদ সদস্যদের এ নিয়ম মেনে চলার অনুরোধ জানান তিনি।

চিফ হুইপ বলেন, বিশেষ করে অধিবেশনের শেষ দিনে সংসদ ভবন থেকে বের হওয়ার সময়ও সদস্যদের ফেস রিডিং সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সব সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে