অবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৪ পিএম
অবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

বিধিবহির্ভূত নিয়োগ, তথ্য গোপন করে এমপিও সুবিধা নেওয়া, নিয়োগের নামে অর্থ আদায় এবং প্রতিষ্ঠানের তহবিলের টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদনে এসব অনিয়ম উঠে এসেছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সরকারি ও প্রতিষ্ঠানের অর্থ ফেরত আনার সুপারিশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আবদুল মান্নানের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা পরিদর্শক মকবুলার রহমান ও অডিটর সিরাজুল ইসলামের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে এ প্রতিবেদন জমা দেন কমিটি।

প্রতিবেদনে বলা হয়, নজরুল ইসলাম বিধিবহির্ভূতভাবে সহকারী শিক্ষক ও পরে প্রধান শিক্ষক পদে নিয়োগ নেন। এমপিওভুক্তির তথ্য গোপন করে ২০০২ সাল থেকে সরকারি বেতন-ভাতা গ্রহণ করেন। এতে তিনি ৫৯ লাখ ৯৪ হাজার ৫১ টাকা নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। আরও ১ লাখ ২০ হাজার ৮০৭ টাকা ফেরতযোগ্য বলেও মত দিয়েছে কমিটি।

শিক্ষক-কর্মচারী নিয়োগেও অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। বিভিন্ন নিয়োগের নামে প্রায় ৭০ লাখ টাকা ‘ডোনেশন’ নেওয়া অভিযোগের তথ্য পাওয়া গেছে। চারজন শিক্ষকের কাছ থেকে টাকা নেওয়া এবং তাঁদের মধ্যে তিনজনের টাকা ফেরত না দেওয়ার বিষয়ও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের পরীক্ষার ফি, সেশন চার্জ, বেতন ও কোচিং ফি বাবদ আদায় করা অর্থ ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। গভর্নিং বডির অনুমোদন ছাড়াই বিভিন্ন তহবিল থেকে অর্থ উত্তোলনের তথ্যও পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠানের পুকুর ইজারা এবং পুরোনো আসবাবপত্রসহ আম ও গাছ বিক্রি করে পাওয়া ১০ লাখ ৯৫ হাজার টাকা প্রতিষ্ঠানের তহবিলে জমা দেওয়া হয়নি। এসব অনিয়মের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সরকারি ও প্রতিষ্ঠানের অর্থ ফেরত আনার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

অভিযোগগুলোর বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তঁাঁকে পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে