কয়েকদিনের সংঘর্ষের পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার 'বাব আল-মান্দেব' প্রণালিও দখলে নিল গোষ্ঠীটি।
উপকূলীয় ভূখণ্ড সম্পূর্ণ কবজা করার পর হুথিদের নৌবাহিনী সমুদ্রের দ্বীপগুলোর দিকে অভিযান বিস্তৃত করে। 'পেরিম' নামেও পরিচিত এই মায়ুন দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে, যা বাব আল-মান্দেব প্রণালিকে দুটি প্রধান বাণিজ্যিক নৌপথে বিভক্ত করেছে।
স্থানীয় কর্মকর্তা এএফপিকে জানান, 'সরকারি বাহিনী গতকাল এই দ্বীপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর সশস্ত্র হুথি যোদ্ধাদের বহনকারী নৌকাগুলো মায়ুন দ্বীপে পৌঁছে যায়।'
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হুথি বন্দুকধারীরা 'বাব আল-মান্দেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছে এবং সামরিক যানে চড়ে পুরো এলাকায় টহল দিচ্ছে।'
আল জাজিরা জানিয়েছে, কৌশলগত বন্দরনগরী মোখা থেকে আগেই সরকারি বাহিনী পিছু হটায় দক্ষিণের দিকে অগ্রসর হওয়ার সময় হুথি যোদ্ধাদের প্রায় কোনো প্রতিরোধের মুখেই পড়তে হয়নি। তারা বিনা বাধায় প্রথমে ধুবাব এবং পরবর্তীতে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ উপকূলীয় শহর 'মুরাদ' নিজেদের দখলে নিয়ে নেয়। এর মধ্য দিয়ে দেশটির লোহিত সাগর তীরের পুরো উপকূলভাগই হুথিদের নিয়ন্ত্রণে চলে গেল।
একই সাথে লোহিত সাগরের কৌশলগত আরেক দ্বীপ 'জুকার'-এ প্রবেশ করে লড়াই শুরু করেছে হুথি যোদ্ধারা। সেখানে এখনো উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে বলে আল জাজিরা জানিয়েছে।