দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে নিহত ১, আহত ২০

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৬ পিএম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে নিহত ১, আহত ২০

কুষ্টিয়ার  দৌলতপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে বাস ও কলাভর্তি আলগামনের মুখোমুখি সংঘর্ষে জাহার আলী (৩৬) নামে এক আলগামন চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার খলিসাকুন্ডি পাঁচপীর তলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাহার আলী মিরপুর উপজেলার সদরপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। এ দুর্ঘটনায় আরও অন্তত বিশ জন আহত হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে জাহার আলী তার কলাভর্তি আলগামন নিয়ে মেহেরপুরের দিক থেকে আসছিলো।পথে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পাঁচপীর তলা নামক স্থানে পৌঁছালে মেহেরপুরগামী একটি দ্রুতগতির লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে আলগামন টিকে সজোরে ধাক্কা দেয়। এতে আলগামনটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জাহার আলীর মৃত্যু হয়। সংঘর্ষে বাসের ও আলগামনের প্রায় ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে