রংপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৫ পিএম
রংপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় সারাদেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। এরই অংশ হিসেবে রংপুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। 
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর সুরভী উদ্যানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন হয়। এসময় অতিথিগণ ঝাড়ু দিয়ে পরিস্কার অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করে পরিচ্ছন্নতাকর্মীরা। রংপুরে সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে জেলা প্রশাসক রংপুর। এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এছাড়া, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনসিসি ও স্কাউটগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে সকলকে নিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। দেশের মানুষকে নিরাপদে রাখতে বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করছেন। এই আন্তরিকতা বজায় রাখতে আমাদের সকলকে একসাথে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সফল হবে। তাহলে সেই সফলতায় আমরা নিরাপদে বাস করতে পারবো। 
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে যে কর্মসুচী গ্রহণ করেছেন, সেটি সফল তখনই হবে যখন প্রতিটি নাগরিক নিজ নিজ স্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসবেন। এজন্য আমি নগরবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের বাড়ি ও বাড়ির চারপাশে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসবেন। এসময় তিনি নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন। এর আগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী প্রচারণা বক্তব্য সকাল ৯ টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রচার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে