নোয়াখালীর সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী তারেক রহমান কতৃক এ কর্মসূচির উদ্বোধনের পর সেনবাগে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ আঙিনা ও পরিষদ সংলগ্ন পুকুরে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং সেনবাগ পৌরসভার সহযোগিতায় শুরু হওয়া এ কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে মশকনিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ঝোপঝাড় পরিষ্কার এবং ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরসভার প্রশাসক মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করছেন। সার্বিক সহযোগিতা করে সৈয়দ হারুন ফাউন্ডেশন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফানুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক রেদোয়ান ইসলাম, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রহিম সরকার, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী,ইউসুফ মজুমদার, যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, মিয়া মোহাম্মদ ইলিয়াস, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদুল উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সেলিম, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী । এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।