চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতির সময় ১০টি দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মোবারক চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত।
গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা (শফির টিলা) এলাকায় একটি টং ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোবারক কাঞ্চননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে দুটি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোড়া (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, একটি নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান শনিবার গণমাধ্যমকে বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা নম্বর-১৩, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’