সাতক্ষীরা জেলা পরিষদের মালিকানাধীন ১৩২টি সরকারি পুকুরের ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) ইজারার মেয়াদ তিন বছর আগে শেষ হলেও নতুন করে কোনো ইজারা দেওয়া হয়নি। ফলে স্থানীয় একশ্রেণীর অসাধু ও প্রভাবশালী ব্যক্তি এসব পুকুর অবৈধভাবে দখল করে মাছ চাষ চালিয়ে যাচ্ছেন। এতে প্রতি বছর সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগে জানা যায়, জেলা পরিষদের আওতাধীন এসব জলমহাল ও পুকুর থেকে প্রতি বছর ইজারার মাধ্যমে মোটা অঙ্কের রাজস্ব আয় হতো। কিন্তু গত ৩ বছর ধরে ডিসিআর নবায়ন বা নতুন করে ইজারা প্রক্রিয়া বন্ধ থাকায় পুকুরগুলো কার্যত তদারকিহীন হয়ে পড়ে। এই সুযোগে এলাকার প্রভাবশালী মহল সিন্ডিকেট তৈরি করে অবৈধভাবে এসব সরকারি সম্পত্তি ভোগদখল করছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, সরকার রাজস্ব হারানোর পাশাপাশি সাধারণ মৎস্যজীবীরাও ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রকৃত মৎস্যজীবী ও স্থানীয় সচেতন মহল দ্রুত এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নতুন করে ডিসিআর বা ইজারা প্রক্রিয়ার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সাতক্ষীরা জেলা পরিষদের বর্তমান প্রশাসক জনাব হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি গুরুত্বের সঙ্গে নিবেন এবং সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় নতুনভাবে ডিসিআর প্রদানের আহ্বান জানিয়েছেন তারা, যাতে একদিকে সরকারের রাজস্ব ক্ষতি বন্ধ হয় এবং অন্যদিকে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।