দাকোপ সদর এলাকায় দূর্ধর্ষ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। দেশীয় অস্ত্র ঠেকিয়ে মা-মেয়ের কাছ থেকে স্বর্ণালংকর মোবাইল ও নগত টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা জানায়, খুলনা থেকে ডাক্তার দেখিয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে বটবুনিয়ার বাড়ীতে যাওয়ার পথে মা দেবকি মন্ডল (৩৮) এবং মেয়ে চালনা এম এম কলেজের ছাত্রী পুতুল মন্ডল উপজেলা সদরের পোদ্দারগঞ্জ বালুর মাঠের ফাঁকা জায়গায় ছিনতাই কারীদের কবলে পড়ে। তারা ভ্যান যোগে যাওয়ার সময় ওই স্থানে পৌছালে ১টি প্রাইভেট কার ও ২টি মোটর সাইকেল যোগে আসা ৫ ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো চাকু ও রডের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ১টি স্বর্ণের আংটি ১ জোড়া কানের দুল ৩টা মোবাইল সেট এবং নগত ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভ্যান চালক বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে পিটিয়ে রক্তাত্ব জখম করে বলে জানায় কলেজ ছাত্রী পুতুল। এ বিষয়ে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বলেন, এমন ঘটনার কোন তথ্য আমাদের কাছে নেই। তবে ভিন্ন কোন ঘটনা হতে পারে এমন আশংকার কথা জানিয়ে তিনি বলেন বিষয়টি তদন্ত করা হবে। দাকোপ সদরের কাছে এমন দূর্ধর্ষ ছিনতাইয়ের কথা এর আগে কখন শোনা যায়নি।