কাপাসিয়ার

আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পর্যায়ে জোর তৎপরতার আহ্বান

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম
আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পর্যায়ে জোর তৎপরতার আহ্বান
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ইউনিয়ন পর্যায়ে বিশেষ ভূমিকা রাখার উপর জোর তৎপরতা চালানোর আহ্বান জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক সভাপতিত্ব করেন । এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার ইন্সপেক্টর (তদন্ত) যোবায়ের আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, বিএনপির সিনিয়র নেতা ড. প্রফেসর এম এ হাসেম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মাহবুব, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার ইউসুফ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তারা সাম্প্রতিক সময়ে গরু চুরি, মাদক কারবারিদের উৎপাত, কিশোর গ্যাং ও বিকট শব্দে মোটরসাইকেল চালনা, উপজেলা সদরের বাসা বাড়ির পানি নিস্কাশন ও বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা, কাপাসিয়া সদর বাজার রোডে তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। বিশেষ করে উঠলো সদর রোডে প্রতিনিয়ত তীব্র যানজট নিরসনে সাব কমিটি গঠন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার্থে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে সমন্বয় সভা ডেকে কার্যকর ভূমিকা নেয়ার উপর জোর দেয়া হয়। এছাড়া সমাজের উঠতি বয়সী যুবক ও তরুণদের মাদকমুক্ত রাখতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের অংশগ্রহণে ফুটবল টিম গঠন করে প্রতিযোগিতার ব্যবস্থা নেয়া। উপজেলার সর্বত্র অপরাধ প্রবনতা কমিয়ে আনতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক ভাবে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইউনিয়ন পর্যায়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেয়া হয়। এব্যাপারে জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক নিরাপত্তা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিশেষ টহল বৃদ্ধি নিশ্চিতকরণের উপর জোর দেয়া হয়। দীর্ঘ আলোচনা শেষে সভাপতি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক দায়বদ্ধতায় কার্যকর বিভিন্ন পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি সচেষ্ট হওয়ার আহ্বান জানান। 
আপনার জেলার সংবাদ পড়তে