অভয়নগরে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, সিলগালা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ পিএম
অভয়নগরে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, সিলগালা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর ভুল চিকিৎসায় রত্না বেগম (৩৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সরকারি হাসপাতাল সড়কে ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুপুরে ওই হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

নিহত রত্না বেগম যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত ইয়াকুব মোল্যার মেয়ে ও বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী। 

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, প্রসবব্যথা উঠলে শুক্রবার(১৮সেপ্টেম্বর) রাতে রত্না বেগমকে অভয়নগরের ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মঞ্জুর মোর্শেদের তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শনিবার(১৯সেপ্টেম্বর) ভোরে পেট ফুলে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বড় বোন রুনা বেগম বলেন, অপারেশনের পর নবজাতক সুস্থ্য থাকলেও রত্না অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে শনিবার ভোরে পেট ফুলে খিচুনি উঠার পর তাঁর মৃত্যু হয়। ভুল চিকিৎসা ও অবহেলায় আমার বোনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

চিকিৎসক মঞ্জুর মোর্শদ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, রত্না বেগমের অপারেশন ভালোভাবে সম্পন্ন হওয়ার পর আমি বাড়ি চলে যায়। এরপর কি হয়েছিল তা আমাকে জানানো হয়নি। খবর পেয়ে সকালে এসে দেখি রোগীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত ব্লাড প্রেসারের ফলে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সকালে ৯৯৯ থেকে ফোন পাওয়ার পর আইনশৃঙ্খলা ঠিক রাখতে ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স পরিদর্শন করা হয়। এসময় সেটআপ ঠিক না থাকা ও বিভিন্ন অনিয়মের কারণে ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম সাময়িক সিলগালা করা হয়েছে। ধাপে ধাপে অন্যান্য সেবরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে