সংকটাপন্ন শ্বাসতন্ত্রের রোগীদের চিকিৎসায় মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন করে ৪০টি আইসিইউ শয্যা যুক্ত হয়েছে। ‘রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারকনভেনশনাল পালমোলজি সেন্টার’ নামে নবনির্মিত এই ইউনিটটি উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে আয়োজিত অনুষ্ঠানে নতুন ইউনিটটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ২১ বছর পর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হলো।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় পর নতুন আইসিইউ ইউনিট চালু হওয়ায় সেখানে আরও ৪০টি শয্যা যুক্ত হলো।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব হাসপাতালে বরাদ্দ বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দেশের নাগরিকদের জন্য সহজে চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্টরা।