কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকসার চার্জ থেকে বৈদ্যতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রব্বানী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একজন অটোরিকসা চালক। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারি খামার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রব্বানী ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রব্বানী তার ব্যাটারিচালিত অটো চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত: বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।