মহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১১ পিএম
মহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ

নওগাঁর মহাদেবপুরে বুধবার  সকাল ১০টায় উত্তরগ্রাম ইউনিয়নের ধর্মপুর-শিবরামপুর গ্রামীণ সড়কে ওষুধী ও ফলদ গাছের চারা  রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মানজুরা মুশাররফ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন কৎতৃক বাস্তবায়নাধীন জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের অধীনে গঠিত উত্তরগ্রাম ইউনিয়ন লোকমোর্চা কমিটির সদস্যরা এই বৃক্ষ রোপণ কার্যক্রমের আয়োজন করে।

বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কার্যক্রম  বর্তমান সময়ের একটি সময়োপযোগী পদক্ষেপ। জলবায়ুর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বৃক্ষরোপণে বিশেষ পদক্ষেপ নিয়েছে। গেটকা প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচী সরকারের উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে। লোকমোর্চা ও যুবদের এ ধরণের কাজে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হাসান, উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন মো. লিয়াকত আলী, উত্তরগ্রাম লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন কাজী আব্দুস সোবহান,  বিএসডিও’র গেটকা প্রকল্পের মহাদেবপুর উপজেলা সমন্বয়কারী ময়না রাণী, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট মিলন লাকড়া, সুমিতা দেবনাথ প্রমুখ। এ বিষয়ে উত্তরগ্রাম ইউনিয়ন লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন কাজী আব্দুস সোবহান বলেন, জলবায়ুর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রান্তিক মানুষকে এ্যাডাপটেশন বিষয়ে সচেতন করার কাজ চলমান রয়েছে। আজকে ২০০ নিমগাছ ও ৩০০ তালবীজ রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হলো। লোকমোর্চা ও যুব ফোরামের এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন দাতা সংস্থা সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরী সহায়তায় নওগাঁ জেলার মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় ৩০ মাস মেয়াদী জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প বাস্তবায়ন করছে।

আপনার জেলার সংবাদ পড়তে