দৈনিক কালবেলা পত্রিকার নামে ভুয়া ফটোকাট ফেসবুকে প্রচারের অভিযোগ

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৯ পিএম
দৈনিক কালবেলা পত্রিকার নামে ভুয়া ফটোকাট ফেসবুকে প্রচারের অভিযোগ

দৈনিক কালবেলা পত্রিকার নাম ও সংবাদ উপস্থাপনার ধরন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া সংবাদ/ফটোকাট প্রচারের অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পত্রিকাটির ফুলবাড়ী প্রতিনিধি রীতা রানী কানু। গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে তিনি ফুলবাড়ী থানায় জিডিটি করেন। যার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১২০৮। সাধারণ ডায়েরিতে (জিডি) রীতা রানী কানু উল্লেখ করেন, গত সোমবার (২১ সেপ্টেম্বর) দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে, এমনভাবে একটি সংবাদ/সংবাদের ফটোকাট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এতে ‘ফুলবাড়ী পৌর বিএনপির দুই নেতার বিরুদ্ধে ৩ লাখ টাকার বিনিময়ে সার ডিলার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ ’ শিরোনামে ফুলবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিনকে জড়িয়ে অভিযোগ উপস্থাপন করা হয়েছে। তবে ওই সংবাদ তিনি দৈনিক কালবেলায় পরিবেশন করেননি এবং ২১ সেপ্টেম্বর কালবেলা পত্রিকাটিতেও এ ধরনের কোনো সংবাদ প্রকাশিত হয়নি বলে জিডিতে দাবি করেন রীতা রানী কানু।  তাঁর অভিযোগ, দৈনিক কালবেলার নাম, পরিচিতি ও সংবাদ উপস্থাপনার ধরন ব্যবহার করে তৈরি একটি ভুয়া বা বিকৃত ফটোকাট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। কালবেলার ফুলবাড়ী প্রতিনিধি রীতা রানী কানু বলেন, দৈনিক কালবেলার ফুলবাড়ী প্রতিনিধি হিসেবে আমি দায়িত্ব পালন করছি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই সংবাদ বা ফটোকাটটি আমার পাঠানো নয় এবং এটি দৈনিক কালবেলায় প্রকাশিতও হয়নি। বিষয়টি ছড়িয়ে পড়ায় পাঠকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি আমার পেশাগত পরিচয় ও বিশ্বাসযোগ্যতা নিয়ে ভুল ধারণা বিভ্রান্ত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে দৈনিক কালবেলা কর্তৃপক্ষও অবগত হয়েছেন এবং তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিভ্রান্তি এড়াতে থানায় সাধারণ ডায়েরি করেছি। জিডিতে তিনি আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকাটটি ছড়িয়ে পড়ার কারণে স্থানীয়ভাবে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তাঁর পেশাগত ভাবমূর্তি ও দৈনিক কালবেলা পত্রিকার নাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বিষয়টি ভবিষ্যতের জন্য নথিভুক্ত রাখতে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম কালবেলা প্রতিনিধির জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দোষিকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে