হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। চলতি সেপ্টেম্বর মাসে একদিনে এটিই হাম উপসর্গে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৫১ জন।
এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।
মৃত্যুর হিসাবেও পরিস্থিতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৭৫ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জন। এর মধ্যে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে এবং ১০১ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।