মোহনপুরে ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা হাসপাতালে

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম
মোহনপুরে ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা হাসপাতালে
রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের ধারালো হাসুয়া কোপে মা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে বাবা। ঘটনার পর অভিযুক্ত মাদকাসক্ত আমিনুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে মোহনপুর উপজেলার মৌগাছি সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন (৫৫) ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী। আহত মুজিব সরদারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মারাত্মক মাদকাসক্ত। মাদক সেবনকে কেন্দ্র করে সে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ত। পরিবার থেকে বিভিন্নভাবে তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও কোনো কাজ হয়নি। স্বজন ও স্থানীয়দের ভাষ্য, মাদকাসক্তির কারণে আমিনুল ইসলামের আচরণে পরিবারটি দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। মাদক সেবন ও কথিত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে পরিবারের সাথে প্রায়ই তাঁর ঝগড়া-বিবাদ হতো। থানা ও স্থানীয়দের দাবি, আমিনুল ইসলাম মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঘটনার রাতে পারিবারিক কলহে আমিনুল হঠাৎ তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো হাসুয়া নিয়ে মা জান্নাতুনের ওপর অতর্কিত হামলা চালায় এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলে জান্নাতুনের মৃত্যু হয়। স্ত্রীর চিৎকারে মুজিব সরদার তাকে রক্ষা করতে এগিয়ে আমিনুল ইসলাম বাবার ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশ পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান। খবর মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করে। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে নেওয়া হবে।