হাইল হাওরে

মাছ ধরার জালে আটকা ১৬ ফুট লম্বা অজগর, ২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩০ পিএম
মাছ ধরার জালে আটকা ১৬ ফুট লম্বা অজগর, ২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে পেঁচিয়ে আটকা পড়া একটি অজগর সাপকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার  সকালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জন্য রুমন মিয়ার পাতানো জালে একটি অজগর সাপ পেঁচিয়ে আটকা পড়ে। রাতের অন্ধকারে বিষয়টি জানা গেলেও তখন অজগরটিকে নিরাপদে উদ্ধারের কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার সকালে রুমন মিয়া বিষয়টি স্থানীয় সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানান। খবর পেয়ে তাহের আলী সব্দর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে পৌঁছান।

এ সময় স্থানীয় সাবেক মেম্বার তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় অজগরটিকে উদ্ধারের কাজ শুরু করা হয়। মাছ ধরার জালে শক্তভাবে পেঁচিয়ে থাকায় সাপটিকে ছাড়াতে বেশ বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর জাল কেটে অজগরটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। অজগরটি ১৬ ফুট লম্বা ও ২৮ কেজি ওজন বলে জানিয়েছেন সজল দেব। উদ্ধারের পর অজগরটিকে নিরাপদে নৌকাযোগে নিয়ে আসা হয়। পরে সেটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, মাছ ধরার জালে পেঁচিয়ে অজগরটির মৃত্যুর আশঙ্কা ছিল। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় ধরে চেষ্টা করে অজগরটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, হাইল হাওরসহ শ্রীমঙ্গলের বিভিন্ন জলাভূমি ও প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর বিচরণ রয়েছে। মাছ ধরার সময় জালে কোনো বন্যপ্রাণী আটকা পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট বন্যপ্রাণী উদ্ধারকারী দল বা বন্যপ্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।

স্থানীয়রা জানান, হাইল হাওরের মতো জলাভূমি এলাকায় মাছ ধরার জালে বিভিন্ন সময় সাপসহ নানা ধরনের বন্যপ্রাণী আটকা পড়ে। এসব প্রাণীকে না মেরে নিরাপদে উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে জীববৈচিত্র্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে