পাবনার চাটমোহর উপজেলা সদরসহ বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের সাথে বোঁথর গ্রামের সংযোগ স্থাপনে বড়াল নদের উপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটির উভয় পাশের সংযোগ সড়ক (ঢাল) ধসে পড়েছে। এতে গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে। বৃষ্টিতে সংযোগ সড়কটি ভেঙে নদের ভেতর বিলীন হয়ে যেতে পারে। এতে চাটমোহর উপজেলা সদরের সাথে বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ব্রিজ ও সড়কের অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
চাটমোহর উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির দপ্তর সম্পাদক,বোঁথর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম জানান,ব্রিজের দু’পাশেই ভেঙে গেছে। এটি সংস্কার করা খুবই দরকার। চলাচলের সমস্যা হচ্ছে। বোঁথর ও দোলং গ্রামের বাসিন্দারা জরুরী়ভিত্তিতে বিব্রজটির উভয় পাশের সংযোগ (ঢাল) সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মোঃ ইজাজুল আলম জানান,বিষয়টি আমার জানা নেই। আমি দ্রুতই খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেবো।