চাঁদপুর আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৬ পিএম
চাঁদপুর আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

চাঁদপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ আল-আমিন সোসাইটি। এই সিদ্ধান্তকে ‘বিধিবহির্ভূত’ আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সোসাইটির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল-আমিন সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

লিখিত বক্তব্যে জানানো হয়, শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সোসাইটির লিখিত মতামত না নিয়েই আগের একটি অভিযোগের প্রেক্ষিতে বর্তমান গভর্নিং বডি বাতিল করেছেন। তবে বিজ্ঞ আদালতের স্থগিতাদেশ এবং পূর্ববর্তী আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লা শিক্ষা বোর্ড আল-আমিন সোসাইটি গঠিত গভর্নিং বডিকে অনুমোদন দিয়েছিল। সোসাইটি মনে করে, সম্প্রতি গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গৃহীত গভর্নিং বডি বাতিলের এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশকে ব্যাহত করার একটি প্রচেষ্টা।

সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার ইতিহাস তুলে ধরে বলা হয়, ১৯৭৭ সালে শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রবের পরিকল্পনায় আল-আমিন সোসাইটি গঠিত হয় এবং ১৯৭৮ সালে ১৪ জন শিক্ষার্থী নিয়ে আল-আমিন একাডেমি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৮৩ সালে জুনিয়র হাইস্কুল, ১৯৮৬ সালে উচ্চ বিদ্যালয় এবং ২০০২ সালে এটি কলেজে উন্নীত হয়। বর্তমানে মূল শাখার পাশাপাশি ছাত্রী শাখা, গুণরাজদী ও বাবুরহাটে একাধিক শাখা বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠানটির সাম্প্রতিক অর্জনের চিত্র তুলে ধরে সোসাইটি জানায়, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের ৯৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২২৭ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে পঞ্চম ও চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠান পরিচালনায় অযাচিত সরকারি হস্তক্ষেপ বন্ধ এবং গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে আল-আমিন সোসাইটির সদস্য অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম প্রধান, অ্যাডভোকেট মো. শাহজাহান খান, আব্দুস শুক্কুর মস্তানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে