শেরপুরে ময়মনসিংহ বিভাগের কবীর-লালন ভাবসংগীত উৎসব

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ এএম
শেরপুরে ময়মনসিংহ বিভাগের কবীর-লালন ভাবসংগীত উৎসব

সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন, ভাবধারা এবং সংগীতকে মানুষের কাছে তুলে ধরতে দেশের আট বিভাগে আয়োজন করা হয়েছে  কবীর-লালন ভাবসংগীত উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘ আয়োজিত এই উৎসব চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ বিভাগের এ উৎসবের ৪র্থ আয়োজনটির উদ্বোধন করেন বাংলাদেশ বাউল সমিতির সহ-সভাপতি বাউল তারা মিয়া। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শেরপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক তপন সারোয়ার, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদসহ অনেকে। সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী আবদেল মাননান।

আলোচনায় বক্তারা কবীর ও লালনের দর্শন, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ ও ভাবসংগীতের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের মতে, কবীর ও লালনের দর্শনের মূলকথা মানুষের মধ্যে বিভেদ নয়, বরং মানবিকতা, সম্প্রীতি ও আত্ম-অন্বেষণের চেতনা জাগিয়ে তোলা। লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী আবদেল মাননান বলেন, ‘কবীর ও লালনের ভাবধারায় মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি ও আত্ম-অন্বেষণের যে দর্শন রয়েছে, তা গান, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এ উৎসবের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায় ও ভাবধারার শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’  উৎসবে ‘কবীর থেকে লালন : চিরন্তন প্রেমের এক অক্ষয় সেতুবন্ধন’ শীর্ষক সংগীতালেখ্য পরিবেশন করেন কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীগণ।

আপনার জেলার সংবাদ পড়তে