ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ এএম
ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ছবি: সংগ্রহীত

শর্টফিল্মে অর্থ বিনিয়োগের কথা বলে পরিচিত এক শেয়ার ব্যবসায়ীকে মারধর এবং তাঁর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদাবাজির অভিযোগে চেন্নাইয়ের টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ এ তথ্য জানায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ও তাঁর কয়েকজন বন্ধু তরুণ নামের এক ব্যবসায়ীকে তাঁদের প্রস্তাবিত একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগের অনুরোধ করেন। তবে ওই ব্যবসায়ী তাঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

অভিযোগ অনুযায়ী, ২২ আগস্ট ভোরের দিকে বাইরে থেকে নিজের ছোট ঘরে ফিরে আসেন তরুণ। সেখানে আগে থেকেই বর্ষিণী, তাঁর বন্ধু সঞ্জয় এবং আরও দুজন উপস্থিত ছিলেন। তাঁরা ব্যবসায়ীকে মারধর করেন এবং জোর করে তাঁর কাছ থেকে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেন।

এরপর সঞ্জয়ের কাছ থেকে চাঁদাবাজির ফোন পেয়ে তরুণ আরও অর্থ দিতে বাধ্য হন। তিনি বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্টে আরও ২ লাখ রুপি পাঠান। নগদ ৫০ হাজার রুপিসহ মোট ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের অভিযোগ, এরপর তরুণের কাছে আরও ২৭ লাখ রুপি চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পরে গুইন্ডি থানা পুলিশ মামলা করে তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে পুলিশ। এতে বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া যায়। এরপর ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা অভিনেত্রী বর্ষিণীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি আইফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে বর্ষিণীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। এ ঘটনায় জড়িত তাঁর সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে