পেশা যতো খারাপই হোক না কেন, সন্তানের কাছে বাবাতো বাবাই হয়। ছিচকে চুরির আপবাদে, বাবাকে বাজারের লোকজন খুটির সাথে বেঁধে রেখেছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে ওই বাবার রাজকন্যা। এরপর সারারাত অনাহারে কাটানো বাবার মুখে, তার রাজকন্যার খাবার তুলে দেয়ার একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীররাতে ওই বাজারের একটি দোকানে চুরির চেষ্টাকালে জনতার হাতে ধরা পরে অনিক সরদার নামের এক যুবক। পরবর্তীতে জনতা তাকে বাজারের একটি খুঁটির সাথে বেঁধে রাখেন। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে ওই বাবার রাজকন্যা। এরপর সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে, বেঁধে রাখা বাবার মুখে তুলে দিচ্ছে তার রাজকন্যা। স্থানীর এক যুবক বিষয়টি ভিডিও ধারন করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে, মুহুর্তের মধ্যে তা ব্যাপক ভাইরাল হয়েছে।