পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন যেকোন সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করার স্বাধীনতা রয়েছে। তাদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান পালনে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এমনকি ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য আলাদাভাবে নিরাপত্তা বিধান করারও কোনো প্রয়োজন নেই। কেননা যে কোন সম্প্রদায় তার ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে এবং উৎসবমুখর পরিবেশে পালন করবেন এটাই স্বাভাবিক নিয়ম ও বিধান। তারপরও কোন গোষ্ঠী বা চক্র ধর্মীয় অনুষ্ঠান পালনে বিঘ্ন সৃষ্টি করলে তার জায়গা হবে জেল হাজতে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শনিবার সকালে সুজানগর থানার উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মোঃ সাদিক আহমদ। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কোমল চন্দ্র সরকার, সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নাটো, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, উপজেলা বিএনপি নেতা এডভোকেট আব্দুস সুবাহান, হাবিবুর রহমান মাস্টার ও কামাল হোসেন বিশ্বাস প্রমুখ।