রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৮ পিএম
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাইশা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টা ২২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা আরও একটি বাড়ল।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম হোসেন আজ সকালে এসব তথ্য জানান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশু মাইশার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৬ সেপ্টেম্বর ভোর ৫টা ৫৯ মিনিটে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টা ২২ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, ডেঙ্গু শক সিনড্রোমে শিশুটির মৃত্যু হয়েছে।

হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তির পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। বর্তমানে ১১১ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে ডেঙ্গুতে চার বছর বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে