বরেণ্য ইতিহাসবিদ ও অধ্যাপক ড. মুনতাসীর মামুনের সহধর্মিণী এবং দৈনিক প্রথম আলোর ফিচার বিভাগের সাংবাদিক রয়া মুনতাসীরের মা অবসরপ্রাপ্ত ব্যাংকার ফাতেমা মামুনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার(২৮ সেপ্টেম্বর) বাদ জোহর চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী গুলবাহার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় গুলবাহার গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে অধ্যাপক মুনতাসীর মামুন, তাঁর পুত্র-কন্যা, পরিবারের নিকটাত্মীয়সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ফাতেমা মামুনের অকালপ্রয়াণে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উপস্থিত সবাই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।