চাঁদপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অপসংস্কৃতির বিরুদ্ধে আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৬ পিএম
অপসংস্কৃতির বিরুদ্ধে আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে এক আলোচনা সভা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপসংস্কৃতি ও দ্বীনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আলেম সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ৩টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা ওলামা দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। চাঁদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, "বাংলাদেশে ইসলামের গোড়াপত্তন ও প্রসার ঘটেছে সুফি-সাধক এবং পীর-মাশায়েখদের হাত ধরে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে কিছু তথাকথিত রাজনৈতিক সংগঠন বিশেষ করে জামাত  ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করছে,জান্নাতের টিকিট বিক্রি করছে এবং পবিত্র মসজিদগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।"

তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, "অপসংস্কৃতি ও দ্বীনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ওলামা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুমার খুতবাসহ বিভিন্ন ধর্মীয় আলোচনায় ইসলামের সঠিক ও প্রকৃত বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। একই সঙ্গে বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ওলামা দলের সাংগঠনিক ভিত্তি আরও সুসংগঠিত করতে হবে।" সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান সংবিধানকে একটি পবিত্র রূপ দিয়েছিলেন। এছাড়া ইসলাম ও আলেম-ওলামাদের কল্যাণে এবং দ্বীনি শিক্ষাব্যবস্থার প্রসারে তাঁর ও বিএনপি সরকারের ভূমিকা অপরিসীম বলেও আলোচনা সভায় উল্লেখ করেন।

হাফেজ দ্বীন ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা ড. মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম খান, ফজলুল কবির, মাওলানা আনোয়ার হোসেন, চাঁদপুর পৌর ওলামা দলের আহ্বায়ক আকবর হোসেন মাতব্বর, চাঁদপুর সদর উপজেলা ওলামা দলের মাওলানা কাজী ইসমাইল সেখ, ফরিদগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক বিন ইয়ামিন এবং হাইমচর উপজেলা ওলামা দলের মাওলানা আলাউদ্দিন আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চাঁদপুর জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওলামা দল এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, উক্ত অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন এবং ওলামা দল জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ড. মোঃ সলিম উল্যাহর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে জরুরি রাজনৈতিক ও ব্যক্তিগত কাজের কারণে তাঁরা সশরীরে উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জালা ওলামা দলের আহবায়ক মাওলানা জসিম উদ্দিন জানান  অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে দেশের বাইরে অবস্থান করায় তিনি অংশ নিতে পারেননি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সেলিম ভাইসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থলে চাঁদপুর ব্রিজ পর্যন্ত পৌঁছালেও দলীয় জরুরি নির্দেশে পরবর্তীতে তাদের অন্য অনুষ্ঠানে যোগ দিতে হয়। উপস্থিত হতে না পারায় উক্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে