মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ পেয়ে জাপান গেলেন পলাশবাড়ীর মাসুদ রানা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৩:৪৫ পিএম
মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ পেয়ে জাপান গেলেন পলাশবাড়ীর মাসুদ রানা

জাপানের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ পেয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুদ রানা। জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ (ফুল ফান্ডেড) অর্জন করেছেন তিনি। তিনি জাপানের বিখ্যাত হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে ‘ইংলিশ এডুকেশন কোর্স’-এ উচ্চতর গবেষনা ও পড়াশোনার জন্য ১ বছর ৬ মাসের সরকারি প্রেষণ লাভ করেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি থাই এয়ারওয়েজ-এ ঢাকা থেকে ব্যাংকক এবং বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকক থেকে জাপান ওসাকা কানসাই এয়ারপোর্টে ল্যান্ড করেন। 

২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে মাসুদ রানা যোগদান করেন। এরআগে তিনি রংপুরের স্বনামধন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে পিটিআই গাইবান্ধা থেকে কৃতিত্বের সাথে ডিপিএড-থার্ড সম্পন্ন করেন এবং পরবর্তীতে বিএড ডিগ্রি অর্জন করেন। শিক্ষা ক্ষেত্রে তার বর্ণাঢ্য ও কৃতিত্বপূর্ণ অর্জনের মুকুটে সম্প্রতি আরও একটি বড় স্বীকৃতি যুক্ত হয়েছে। তিনি ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন। এরআগে তিনি ২০২৫ সালে উপজেলা পর্যায়েও ‘গুণী শিক্ষক’ হিসেবেও ভূষিত হন। 

তার এই অসাধারণ সাফল্যে প্রাথমিক শিক্ষা পরিবার ও স্থানীয় সুধীমহলে আনন্দের বন্যা বইছে। সহকর্মী ও শুভাকাঙ্খীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। জাপানে তার উচ্চশিক্ষা ও গবেষণার দিনগুলো অত্যন্ত ফলপ্রসূ হোক এবং সেখান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক-এই শুভকামনা জানিয়েছেন সকলে। শিক্ষক মাসুদ রানাও তার সহকর্মী ও শুভাকাঙ্খীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করাসহ দো’আ কামনা করেছেন। (ছবি সংযুক্ত)

আপনার জেলার সংবাদ পড়তে