নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের নিয়ে তাদের কার্যক্রম তদারকি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।
সভায় বাহাগিলী ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় পর্যায়ে জনসাধারণকে সেবা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাম পুলিশের নিয়মিত কার্যক্রম তদারকি এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান। সভায় বাহাগিলী ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।