মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় বরিশালের বাবুগঞ্জে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে জেলেদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও কেনাবেচা থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি। এ সময় বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসমুস সালেহীন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সুমন সিকদার, ইউপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। একই সঙ্গে নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।