বরিশালে মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩৭ পিএম
বরিশালে মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড

২২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারের প্রায় এক যুগ পর মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (৫ অক্টোবর) বরিশালের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মিল্টন হোসেন এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তারা পলাতক রয়েছেন। দন্ডপ্রাপ্তরা হলেন-পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা সাহাদাত হোসেন পন্ডিত ও একই উপজেলার বাসিন্দা জলিল হাওলাদার। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তারেক আল ইমরান। আদালত সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, ২০১৪ সালের ২১ অক্টোবর বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। তৎকালীন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২৫ বোতল ফেনসিডিলসহ সাহাদাত হোসেন পন্ডিত ও জলিল হাওলাদারকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী তারেক আল ইমরান বলেন, মামলার সাক্ষ প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেছেন। তবে রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন।

তিনি জানান, ২০১৪ সালে মাদক উদ্ধারের পর মামলাটি দায়ের করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তাতারের পর আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে