বিশ্ব শিক্ষক দিবস

হোমনায় শিক্ষক জেলহকের মেয়ের ভবিষ্যতের জন্য ৫ লাখ টাকা এফডিআর

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৫:৫২ পিএম
হোমনায় শিক্ষক জেলহকের মেয়ের ভবিষ্যতের জন্য ৫ লাখ টাকা এফডিআর

বাসায় গ্যাস বিস্ফোরণে নিহত হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের প্রভাষক মো. জেলহকের তিন বছর বয়সী মেয়ে হুররাম জান্নাতের নামে পাঁচ লাখ টাকার ১০ বছর মেয়াদি এফডিআর করা হয়েছে। শিশুটির ভবিষ্যৎ ও পড়াশোনার জন্য এ অর্থ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিশুটির দাদা মো. ওসমান গণির হাতে এ অর্থের চেক তুলে দেওয়া হয়। গত ৩১ মার্চ বাসায় গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান রেহানা মজিদ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. জেলহক ও তার স্ত্রী গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা উম্মে হুমাইরা। তাদের একমাত্র মেয়ে হুররাম জান্নাত অন্য কক্ষে থাকায় বেঁচে যায়।

শিশুটির ভবিষ্যৎ ও পড়াশোনার কথা বিবেচনা করে উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরিবার দুই লাখ এবং কলেজের পক্ষ থেকে তিন লাখ টাকা দেওয়া হয়। পাঁচ লাখ টাকা শিশুটির নামে ১০ বছর মেয়াদি এফডিআর করা হয়েছে। সূত্রে জানা যায়, নিহত জেলহক ২০২২ সালে ফেব্রুয়ারিতে হোমনা উপজেলা সদরের রেহানা মজিদ মহিলা কলেজের ব্যবস্থানা বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি স্ত্রীর কর্মস্থল দাউদকান্দির ভাড়া বাসায় থাকতেন।

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা রক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ -প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অবসর ও মৃত্যুবরণকারী মোট ২৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা ও অনুদান দেওয়া হয়। তাদের মধ্যে ১৯ জন শিক্ষক ও পাঁচজন কর্মচারী রয়েছেন। মারা গেছেন সাতজন শিক্ষক ও দুইজন কর্মচারী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হানিফ, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, মাওলানা আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সালামত উল্লাহ, প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, আমেনা বেগম, কেএম আতিকুর রহমান, মো. লুৎফর রহমান ও দুলাল মিয়া প্রমুখ। শেষে প্রয়াত শিক্ষক-কর্মচারীদের জন্য মাগফিরাত এবং অবসরগ্রহণকারী ও সকল শিক্ষকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সাইদুল হক।

আপনার জেলার সংবাদ পড়তে