এসএসসিতে সাফল্য: লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পেল ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’

এফএনএস (লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৪:৪২ পিএম
এসএসসিতে সাফল্য: লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পেল ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের স্বীকৃতি হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়কে জেলার পক্ষ থেকে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বিদ্যালয়টির অসামান্য ফলাফলের বিবেচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস এর হাতে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সাধন কুমার সরকার।

জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। একই সঙ্গে বিদ্যালয়টি লৌহজং উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ২১ জন জিপিএ-৫ অর্জনের গৌরব লাভ করে। শিক্ষার্থীদের এ কৃতিত্ব ও বিদ্যালয়ের সামগ্রিক ফলাফল বিবেচনায় জেলার পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ প্রদান করা হয়।

এ সম্মাননা অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এ স্বীকৃতিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছে।

সম্মাননা প্রদান করায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে